
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট সংলগ্ন নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো শাহপরীর দ্বীপ উত্তরপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১২) ও একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে মুহাম্মদ আরজিন (১০)। তারা সাবরাং ইউনিয়নের উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে কয়েকজন শিশু জেটিঘাট সংলগ্ন নাফ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নিশান ও আরজিন নদীর গভীর পানিতে চলে গেলে তাদের আর দেখা যায়নি। খবর পেয়ে স্থানীয় জেলে ও কোস্টগার্ড সদস্যরা নদীতে তল্লাশি শুরু করেন। প্রায় চার ঘণ্টা পর দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
জেটিঘাটে বড়শি দিয়ে মাছ শিকার করা আবদুল মজু বলেন, দুই শিশু প্রায় চার ঘণ্টা পানিতে তলিয়ে ছিল এবং তারা অনেক পানি খেয়েছিল। দ্রুত উদ্ধার করা গেলে হয়তো তাদের বাঁচানো সম্ভব হতো। ছুটির দিনে জেটিঘাট এলাকায় অনেক শিশু নদীতে গোসল করতে আসে। সাধারণত তারা অল্প পানিতে থাকে। কিন্তু ওই দুই শিশু গভীর পানিতে চলে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে।
শাহপরীর দ্বীপ ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম বলেন, দুই শিশুকে উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি। দ্রুত উদ্ধার করা সম্ভব হলে হয়তো তাদের জীবন রক্ষা করা যেত। ভবিষ্যতে যাতে শিশুরা ঝুঁকিপূর্ণভাবে নাফ নদীতে গোসল করতে না নামে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সঞ্জীব নাথ জানান, স্থানীয় জেলে ও কোস্টগার্ড সদস্যরা তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, শাহপরীর দ্বীপে নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।